সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, প্রেম এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক এবং দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক তরুণীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে ফেসবুকে ভুক্তভোগী তরুণীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। সেখান থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে আফতাব অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিলে তরুণী বিয়ের আগে তাতে অসম্মতি জানান।
গত ১৪ জুলাই সকালে আফতাব মজুমদার বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের তাগিদ দিলে আফতাব নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। পরে তরুণী জানতে পারেন আফতাব পূর্ব থেকেই বিবাহিত।
পরিবারের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগী তরুণী চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় বুধবার সকালে আসামি আফতাব মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টার দিকে নগরের হালিশহর বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে তাকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ১৪ মে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আফতাবকে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। স্থানীয় সূত্রে তাঁর একাধিক বিয়ের খবর নিয়ে নানা আলোচনা থাকলেও দলটির কেন্দ্রীয় বা চট্টগ্রাম মহানগর কমিটির কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।