ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গান্ধী মেমোরিয়াল স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাদি মর্তুজা, মারজুক মর্তুজা এবং জান্নাতুন মারসিয়া মর্তুজা।
অনুষ্ঠানের শুরুতে কেক কেটে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত স্বেচ্ছাসেবকদের মাঝে সদস্য কার্ড বিতরণ করা হয়। এ সদস্য কার্ডের মাধ্যমে তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকবৃন্দ ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও শিক্ষার প্রসারে তরুণদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে একটি মানবিক, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে চাটখীল এবং সোনাইমুড়ীর দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০টিরও বেশি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন।