মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহনির্মাণ প্রকল্প শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের আওতায় উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নূর নবীকে গৃহনির্মাণ সামগ্রী হস্তান্তর এবং নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটখিল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামছুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪নং বদলকোট ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিব, মাওলানা আজাদ এবং ইসলামী যুব আন্দোলনের নেতা জি আর রাব্বানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, "অসহায় ও গৃহহীন মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা। চাটখিল উপজেলার প্রতিটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই গৃহনির্মাণ প্রকল্প ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
গৃহনির্মাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী নূর নবী। তিনি সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।