ঈমান-আকিদা সুরক্ষা, হেযবুত তাওহীদ নিষিদ্ধের দাবি এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধের দাবিতে আগামী ১ আগস্ট (শনিবার) নোয়াখালী জেলা স্কুল মাঠে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে এবং জমিয়্যতুল মাদারিসিল কওমিয়্যাহ ও ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শনিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা স্কুল মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে
আয়োজকরা জানান, মহাসমাবেশের মূল দাবি হলো ঈমানবিধ্বংসী সংগঠন ‘হেযবুত তাওহীদ’ নিষিদ্ধ করা, ঈমান-আকিদা রক্ষা এবং নোয়াখালীসহ আশপাশের এলাকায় ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধে আলেম-উলামা ও তাওহিদী জনতাকে ঐক্যবদ্ধ করা।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এছাড়া দেশের শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ, আলেম-উলামা, হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
আয়োজকদের দাবি, মহাসমাবেশকে ঘিরে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা ও চাঁদপুরসহ আশপাশের জেলা থেকে লক্ষাধিক তাওহিদী জনতার অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, মহাসমাবেশের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
তারা জানান, সমাবেশস্থলের প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগত মুসল্লিদের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
এ সময় আয়োজকরা মহাসমাবেশের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন এবং কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।।