নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল কারীম (পীর সাহেব চরমোনাই)।
এক শোকবার্তায় পীর সাহেব চরমোনাই বলেন, "তিব্বত সীমান্তে ভূমিধস ও হিমবাহ ধসের ফলে 'ভোটে কোশী' নদীতে হঠাৎ নেমে আসা প্রবল বন্যায় নেপালের জনগণের জানমালের যে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" একই সাথে তিনি নিখোঁজদের দ্রুত সন্ধান ও উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তে আকস্মিক বিপর্যয়ের পর 'ভোটে কোশী' নদীতে পাহাড়ি ঢল নেমে আসে। এতে দেশটির রসুয়া, নুওয়াকোট ও ধাদিং জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৯৮ জনের মৃত্যু এবং স্থানীয় অধিবাসী ও বিদেশি পর্যটকসহ ৪০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যায় বেশ কয়েকটি সেতু, রাস্তাঘাট এবং অন্তত ৬টি প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত বা ভেসে গেছে। দুর্গম পাহাড়ি এলাকায় নিখোঁজদের উদ্ধারে নেপাল সেনাবাহিনী ও হেলিকপ্টার মোতায়েন করে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।