চাটখিল ভয়েস রিপোর্ট: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আজ বুধবার বিভিন্ন সময়ে একইদিনে তিনজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরা হলেন উপজেলার বজরা ইউনিয়নের দাউরি বাড়ীর মৃত মিন্টু সাহার স্ত্রী ন্যান্সি সাহা (৪০), জগদা গ্রামের হাজী বাড়ির রাহাত আলীর ছেলে রবিউল হাসান (৫০) ও ভানুয়াই ভূইয়া বাড়ীর আনোয়ার হোসেনের ছেলে নাহিদুল ইসলাম রাকিব (২৬)।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের দাউরী বাড়ির মৃত মন্টু সাহার স্ত্রী নেন্সি সাহার স্বামী বজরা বাজারের স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। প্রায় ৪০ লাখ টাকা দেনা করে ২০২০ সালে তিনি মারা যান। স্বামীর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিক যন্ত্রণায় ঘরের ভিতরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন। একই দিনে রাহাত আলীর ছেলে মানসিক ভারসাম্যহীন রবিউল হাসান সোনাইমুড়ী উপজেলার সাহারপাড় গ্রামের নাজির সাহেবের বাড়ির পুকুর পাড়ে আম গাছের সাথে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপরদিকে পৌরসভার ভানুয়াই ভূইয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে নাহিদুল ইসলাম রাকিব স্ত্রী সুলতানা ইসলাম মিমের পরকীয়া প্রেমের কারণে অভিমান করে নিজ বিল্ডিংয়ের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।সোনাইমুড়ি থানার ওসি মো. কবির হোসেন তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক ঘটনা গুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, থানায় একটি নিয়মিত এবং অপর দুটি ইউডি মামলা হয়েছে।