একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ৯ হাজার ৩৩৩ কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরে অবস্থিত এনইসি সম্মেলনকক্ষে আয়োজিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত এই ১০টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা জোগান দেওয়া হবে এবং বাকি অর্থ প্রকল্প ঋণ হিসেবে মেটানো হবে।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ‘ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ’ এবং ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (১ম সংশোধন)’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সড়ক পরিবহন খাতের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সেতুগুলোর স্মার্ট মেইনটেন্যান্স প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত একটি প্রকল্প পাস হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে লালমনিরহাট সদর উপজেলাকে ধরলা নদীর ভাঙন থেকে রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট শক্তিশালীকরণ প্রকল্প অনুমোদন পেয়েছে। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (৩য় সংশোধিত) প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (২য় সংশোধিত) এবং ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (১ম সংশোধন) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্পটিও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত ৯টি প্রকল্প সম্পর্কে একনেককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। সভার এক পর্যায়ে সাধারণ অর্থনীতি বিভাগ কর্তৃক প্রকাশিত ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।