৪নং বদলকোট ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা ফখরুল ইসলাম
নোয়াখালীর চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আলেম মাওলানা ফখরুল ইসলাম। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের মুখে তার নাম গুঞ্জন হিসেবে থাকলেও অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরাসরি নির্বাচনি লড়াইয়ে নামার বার্তা মিলেছে।একজন উচ্চশিক্ষিত, পরিচ্ছন্ন ও নীতি-নৈতিকতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে মাওলানা ফখরুল ইসলাম পুরো বদলকোট ইউনিয়নে ইতিমধ্যে এক অনন্য পরিচিতি তৈরি করেছেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি দীর্ঘকাল ধরে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের প্রতিটি সুখে-দুঃখে নিঃস্বার্থভাবে পাশে থাকায় প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় তার প্রতি মানুষের এক গভীর আস্থা ও ভালোবাসা গড়ে উঠেছে।নির্বাচনি প্রস্তুতি ও লড়ার সিদ্ধান্ত নিয়ে মাওলানা ফখরুল ইসলাম জানান, "ক্ষমতা বা পদের লোভে নয়, বরং বদলকোট ইউনিয়নের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সুশাসিত ও নিরাপদ মডেল ইউনিয়ন গড়াই আমার মূল লক্ষ্য। এলাকার প্রবীণদের দোয়া ও তরুণ সমাজের ভালোবাসায় উৎসাহিত হয়েই আমি জনসেবার এই পথ বেছে নিয়েছি। অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থনই আমার মূল চালিকাশক্তি।"এদিকে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই ৪নং বদলকোট ইউনিয়নের হাটে-বাজারে, চায়ের টেবিলে এবং তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়দের মতে, মাওলানা ফখরুল ইসলামের নিজস্ব শক্তিশালী সমর্থন ও সততার ভাবমূর্তি আসন্ন নির্বাচনে অন্যান্য প্রার্থীর জন্য এক বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে।