বিশিষ্ট সমাজসেবক ও শিল্পোদ্যোক্তা জহিরুল ইসলাম সিআইপি চাটখিল প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত
দেশ-বিদেশে মানবকল্যাণে নিরবচ্ছিন্ন অবদানের জন্য বিশেষ স্বীকৃতি লাভ করলেন নোয়াখালীর সোনাইমুড়ীর ‘ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষক এবং এম এইচ গ্লোবাল গ্রুপ-এর কান্ট্রি ডিরেক্টর, বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম সিআইপি। তাঁকে চাটখিল প্রেসক্লাবের সম্মানিত ‘আজীবন সদস্য’ পদ প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার চাটখিল প্রেসক্লাব কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাঁকে এ সদস্যপদ হস্তান্তর করা হয়।উল্লেখ্য, মানবসেবায় অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ গত বছরের ২০ ডিসেম্বর চাটখিল প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছিল।গত শুক্রবার রাতে চাটখিল প্রেসক্লাবের চিঠি হাতে পাওয়ার পর জহিরুল ইসলাম সিআইপি ফোনে চাটখিল প্রেসক্লাব সভাপতি, সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সাথে অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, বৃহত্তর নোয়াখালীর অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য গণমাধ্যম সংস্থা ‘চাটখিল প্রেসক্লাব’-এর আজীবন সদস্যপদ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সম্মানজনক এ পদ ও ক্রেস্ট প্রদান করায় তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে জহিরুল ইসলাম সিআইপি বলেন, “আজ থেকে চাটখিল প্রেসক্লাবের সংবাদকর্মীদের যেকোনো প্রয়োজনে, সুখে-দুঃখে আমি সবসময় তাঁদের পাশে থাকব।”এদিকে, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত এক যৌথ বার্তায় জানান, আজীবন সদস্য হিসেবে অন্যান্য সম্মানীয় সদস্যদের মতোই তিনি যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন। প্রেসক্লাবের সাংবাদিকরা সর্বদা তাঁর এবং তাঁর পরিবারের যেকোনো শুভ উদ্যোগে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে প্রেসক্লাব নেতৃবৃন্দ আশ্বাস প্রকাশ করেন।