নোয়াখালীর সোনাইমুড়িতে ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য আসা অনুদান ও সরকারি বরাদ্দের টাকা লুটপাটের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোনাইমুড়িতে এ হামলায় গুরুতর আহত হয়েছেন জাতীয় দৈনিকের সাংবাদিক গুলজার হানিফ এবং সাংবাদিক মনির। বর্তমানে গুলজার হানিফ নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ির ফয়েজিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায় থেকে আসা লাখ লাখ টাকার অনুদান অনিয়ম ও ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই অর্থ আত্মসাৎ ও জালিয়াতির বাস্তব প্রমাণ অনুসন্ধান করে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক গুলজার হানিফ।
প্রতিবেদন প্রকাশের পর থেকেই সোনাইমুড়ি উপজেলা ওলামা দলের সেক্রেটারি শফিক ও তাঁর সহযোগীরা সাংবাদিকদের নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। গতকাল শফিকের নেতৃত্বে তাঁর ক্যাডার বাহিনী সংবাদকর্মীদের ওপর আকস্মিক ও অতর্কিত হামলা চালায়।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত শফিক রাজনৈতিক অবস্থান পরিবর্তন ও ধর্মীয় লেবাস ব্যবহার করে দীর্ঘদিন ধরে সুবিধা আদায় করে আসছেন। বিগত সরকারের আমলে মুজিব কোট পরিধান করে প্রয়াত স্থানীয় এমপি ইব্রাহিমের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখলেও, বর্তমানে তিনি জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সেক্রেটারির পদে রয়েছেন। এছাড়া হেফাজতসহ বিভিন্ন ইসলামী সংগঠনের সাথেও তাঁর সংশ্লিষ্টতার কথা জানা যায়।
চিকিৎসাধীন সাংবাদিক গুলজার হানিফ জানান, এতিমের হক মারার অপরাধ ও জালিয়াতির নথি সংবাদমাধ্যমে তুলে ধরায় পরিকল্পিতভাবে তাঁদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
আপনার মতামত লিখুন