বেগমগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার আহমদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে বেগমগঞ্জ মডেল থানাধীন ৮ নম্বর পৌর ওয়ার্ডের নাপিতের পুল এলাকায় ফেনী-লক্ষ্মীপুর মহাসড়ক থেকে তাঁকে আটক করা হয়।
নোয়াখালী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ সুপার এমএন নাসির উদ্দীনের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই (নিঃ) মো. আনোয়ার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তাফা মিয়ার তারা মঞ্জিলের সামনে মহাসড়ক থেকে মোক্তার আহমদকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মোক্তার আহমদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া তেলীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত মনছুর আলী এবং মাতার নাম মৃত রাজিয়া বেগম।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
আপনার মতামত লিখুন